সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার চুনারুঘাট উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের তিন শতাধিক নারী-পুরুষ তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রোববার (১৩ জুন) দুপুর ১২টায় আদিবাসী তরুণ সমাজকর্মী লিটন ত্রিপুরার নেতৃত্বে তারা এ সাক্ষাৎ করেন।
উপজেলার ৯নং রানীগাঁও ইউনিয়নের কালেঙ্গা, ছনবাড়ী, ডেবড়া বাড়ি, হরিনমারা, নাছিমাবাদ, মঙ্গোলিয়া টিলার পাহাড়ি আদিবাসী গোষ্ঠী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেন।
এ সময় আদিবাসী নেতৃবৃন্দ অসহায় দরিদ্র পরিবারের জন্য আশ্রয় নিশ্চিত করতে ঘর, টিন, সমাজ উন্নয়নে মন্দির, পাঠশালা, পাহাড়ি রাস্তা সংস্কার ও নতুন রাস্তা তৈরিকরণসহ আর্থিক সহযোগিতা দাবি করেন।
এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন মহাসড়কের অংশীদারিত্বের ভিত্তিতে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সরাসরি আদিবাসী গোষ্ঠীর মাঝে বিতরণ ও প্রদান করার দাবি জানান তারা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর তাদের জানান, বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর সাথে কথা বলে এসব দাবি-দাওয়া পূরনের চেষ্টা করবেন তিনি।
এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ উপস্থিত থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কাদির লস্করের সাথে সমন্বয় করে আদিবাসীদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ২ নং আহম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
Design and developed by ওয়েব হোম বিডি