সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, জুন ১৯, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সিলেটের পর এবার রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের এক সদস্যকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ জুন) সকালে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ।
তিনি বলেন, নিহতরা হলেন মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বাস করতেন।
শাহ ইফতেখার আহামেদ বলেন, এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, মেহজাবিন তার বাবা-মা, বোন ও নিজের স্বামীকে বিষপান করিয়েছে। মেহজাবিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঘটনাস্থলে এরই মধ্যে পুলিশের টিম কাজ করছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুন) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে মাসহ দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় আশঙ্কাজনক অবস্থায় দিনমজুর হিফজুর রহমানকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অবশ্য শনিবার হিফজুরকে স্ত্রী ও দুই সন্তান খুনের ঘটনায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি