সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালি পিকআপ চা-স্টলে ঢুকে পড়ে। এ ঘটনায় চা-স্টলে অবস্থানরত এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও নয়জন।
মঙ্গলবার (২২ জুন) কমলগঞ্জ উপজেলার চিতলীয়া আমতলা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিতলীয়া গ্রামের সাহেদ মিয়া মঙ্গলবার সন্ধ্যায় পিকআপ চালানো শিখতে চিৎলীয়া আমতলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তাজ মিয়ার চা-স্টলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বারান্দা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে চা-স্টলে বসে থাকা বৃদ্ধ জায়ফর মিয়া, সামছু মিয়া, জুম্মান মিয়া, আলাল মিয়া, শাহজান মিয়া ও চা-স্টল মালিক তাজ মিয়া অজ্ঞাত তিনজনসহ ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় ইউপি সদস্য শামীম আহমেদ জানান, বৃদ্ধ জায়ফর মিয়ার অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কমলগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপটি পুলিশ আটক করেছে, তবে গাড়ির চালক পলাতক রয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি