সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানির কারখানার ভেতরে সহকর্মীর দাড়ালো ইস্পাতের আঘাতে সুজন বৈষ্ণব নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মিন্টু মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (০৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত সুজন বৈষ্ণব বানিয়াচং উপজেলার খড়চা গ্রামের সুমলাল বৈষ্ণবের ছেলে। আটক মিন্টু শায়েস্তাগঞ্জ উপজেলার উলুহর গ্রামের সাজু মিয়ার ছেলে।
তারা দুইজনই প্রাণ আরএফএল কোম্পানির মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিল।
প্রাণ আরএফএল কোম্পানির প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক আব্দুল মন্নান জানান, নিহত সুজন ও আটক মিন্টু মেশিন সেকশনে অপারেটরের কাজ করতেন। রোববার বিকেলে কোন একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মিন্টু মিয়া হাতের কাছে থাকা দাড়ালো একটি ইস্পাতের টুকরো দিয়ে সুজন বৈষ্ণবের বুকে ও পেটে আঘাত করেন।
তাৎক্ষণিক অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কোম্পানীর নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুর্শেদ আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত মিন্টু মিয়াকে আটক করা হয়েছে। তবে কি নিয়ে ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি