সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১
ছবি : সংগৃহীত
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি আবাসিক হোটেলে মনোয়ারা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর শহরের নতুন বাজার টু-স্টার আবাসিক হোটেলের তৃতীয় তলা থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মনোয়ারা বেগম শহরতলীর শাহীবাগ এলাকার নূর মিয়ার স্ত্রী। তিনি নতুন বাজারে লেবু, কাঁচা মরিচ ও আনারস বিক্রি করতেন।
টু-স্টার হোটেলের ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, ওই নারী আমাদের হোটেলের নিচে লেবু, কাঁচা মরিচসহ বিভিন্ন মালামাল বিক্রি করতেন। মাঝেমধ্যে হোটেলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। বিকেলে হঠাৎ হোটেলের তিনতলার বাথরুমে তার রক্তাক্ত লাশ দেখে পুলিশকে খবর দেই।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান বলেন, মনোয়ারা বেগমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কেন এই হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহিদুল হক মুন্সী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। তবে হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি