সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২১
ছবি : সংগৃহীত
সুরমা মেইল ডেস্ক : চট্টগ্রামের খুলশী থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এক ট্রাফিক পুলিশসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। শনিবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান।
এরমধ্যে দুজন হলেন- ট্রাফিক উত্তর বিভাগের কর্মরত কনস্টেবল মনির উদ্দিন ও সিএনজি যাত্রী সৈয়দ বাহাউদ্দিন আহমেদ (৩০)। এছাড়া নিহত আরেকজনের নামপরিচয় জানা যায়নি। দুর্ঘটনার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
শাহিনুজ্জামান বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ষোলশহর থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও বাসকে ধাক্কা দেয় একটি ডেমু ট্রেন। এসময় রেল লাইনের গেট ফেলা হয়নি। ফলে সিএনজি অটোরিকশা ও বাস রেললাইনে চলে আসে। এসময় দ্রুতগতির একটি রেল গাড়িগুলোকে ধাক্কা দেয়। আর ট্রাফিক পুলিশ মনির রেললাইন থেকে গাড়িগুলোকো সরানোর চেষ্টা করছিলেন। রেল গাড়ির ধাক্কায় সিএনজি আটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে গেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ঝাউতলা এলাকার দোকানদার আরিফ উদ্দিন বলেন, ঘটনার সময় রেল গেটটি ফেলা হয়নি। খুলশীর দিক থেকে আসার রেল গেটটি ফেলা হয়নি। একসঙ্গে তিনটি বাস রেললাইনের ওপরে চলে আসে। পরে ষোল শহরের দিক থেকে আসা একটি ডেমু ট্রেন বাস, সিএনজিচালিত অটোরিকশা ও একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে। প্রায় সময়ই ট্রেনের গেটম্যান ঘটনাস্থলে থাকে না।
রুবেল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, রেললাইনের গেট ফেলা ছিল না। এসময় বাস-সিএনজি অটোরিকশা ও টেম্পু রেললাইনের ওপরে উঠে যায়। কিন্তু এসময় রেলগাড়িটি গাড়িগুলোকে ধাক্কা দেয়।
রেলওয়ে পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, রেল গেট ফেলা ছিল না আমরা শুনেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিনদিনের মধ্যে প্রতিবেদন দেবেন। কারও অপরাধ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে।
এদিকে ঘটনার পর থেকে গেটম্যান আলমগীর পলাতক রয়েছেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ ও গেটম্যান না থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি