সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে বিকেল ৪টার দিকে শহরের টাউনহল রোড এলাকায় তাকে কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি