সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২২
বালাগঞ্জ সংবাদদাতা :
বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে গ্রুপিং সমন্বয়ের জন্য বৈঠক জানা থাকলেও সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদাকে প্রধান অতিথি করে ব্যানার সাঁটিয়ে বালাগঞ্জ উপজেলা বিএনপির লুকুচুরির সম্মেলন বাস্তবায়নের চেষ্ঠা অবশেষে পণ্ড করে দিয়েছে পুলিশ।
বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বালাগঞ্জ উপজেলার সদর থেকে অন্তত ১৫ কিলোমিটার দুরে সীমান্তবর্তী দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজার এলাকায় এই সম্মেলন হওয়ার কথা ছিল।
দলীয় সূত্র মতে, সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির তৃণমুল নেতাকর্মীদের চরম ক্ষোভ ও দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ এবং দুই পক্ষ মুখোমুখ অবস্থান নেয়ায় অবশেষে আটকে গেল বালাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন। তীব্র ক্ষোভ আর তোপের মুখে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গিরদার ও উপজেলা বিএনপির আহবায়ক রশিদ আহমদ।
দায়িত্ব নেয়ার পর থেকেই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছেনা সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারের। জেলা থেকে শুরু করে নিজ উপজেলা এমনকি নিজ ইউনিয়নে দলীয় কমিটি ও কর্মসূচী নিয়ে বার বার বিতর্কে জড়াচ্ছেন তিনি।
জানা যায়, বৃহষ্পতিবার সকাল থেকেই সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার দেওয়ান বাজার ইউিনিয়নের মোরারবাজার এলাকায় একটি কমিউনিটি সেন্টারে অবস্থান নিয়েছেন কামরুল হুদা জায়গীরদার ও রশিদ আহমদের পক্ষের লোকজন। অন্য দিকে সেন্টারের বাহিরে অবস্থান নেন উপজেলা বিএনপির ৬টি ইউনিয়নের তৃণমুলের নেতৃবৃন্দ। উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়ার ফলে সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ।পরিস্থিতি সামাল দিতে বালাগঞ্জ থানা পুলিশের এসআই ফরিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্মেলন বন্ধ করে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
এদিকে, সম্মেলনে দাওয়াত না পাওয়া একাধিক পদপ্রত্যাশী নেতারা বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করেন। কেন্দ্রীয় নেতারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদারকে সম্মেলন না করার জন্য নির্দেশ দেন।
বালাগঞ্জ থানার এসআই ফরিদ বলেন, দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে একটি কমিউনিটি সেন্টারে বালাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছি। সম্মেলন নিয়ে বিএনপির দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমরা সম্মেলন বন্ধ করে তাদেরকে কমিউনিটি সেন্টার থেকে বের করে দিয়েছি।
তবে কেন্দ্রর অনুমতি না থাকার পরও এবং প্রার্থীদের না জানিয়ে এই কাউন্সিল আয়োজন সম্পর্কে জানতে চাইলে তিনি সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, সম্মেলন নয়, সংকট নিরসনের জন্য প্রতিটি ইউনিয়নের কমিটি ও পাল্টা কমিটি নিয়ে আমরা বসার কথা ছিল।
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিকেলে তাকে কল দেয়া হলেও তিনি বার বার কেটে দেন। এক পর্যায়ে ফোন রিসিভ করে উত্তেজিত হয়ে কল কেটে দেন।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, সম্মেলন ছিলনা, যারা এই ব্যানারটি করেছিল তারা ভুল করেছিল, ব্যানারটি সরিয়ে নেয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন বলেন, বালাগঞ্জে কোন সম্মেলন হওয়ার কথাই ছিলনা। সেখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ দলের সৃস্ট অভ্যন্তরিন সমস্যা সমাধান করার জন্য আজ যাওয়ার কথা ছিল। সম্মেলন করতে হলে অবশ্যই আমাদেরকে অবগত করে করতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি