সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২২
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটিতে পিসিজেএসএস (সন্তু)’র সাথে ইউপিডিএফ (প্রসীত খীসা) গ্রুপের বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। নিহতের নাম শ্যামল চাকমা (৪৫)। ইউপিডিএফ’র এমন দাবীর সত্যতা নিশ্চিত করেনি পুলিশ।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে ১০টার মধ্যে লংগদু উপজেলার দুর্গম ছোট কাট্টলী এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র মধ্যে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে বলে জানা যায়। এতে শ্যামল চাকমা নামে একজন কর্মী নিহত হয়েছে বলে দাবী করেছেন ইউপিডিএফ’র মুখপাত্র আংগ্য মারমা। গোলাগুলির ঘটনার পরপরই ৬ জন নিহতের গুজব ছড়িয়েছে।
কিন্তু পুলিশ বা দায়িত্বশীল কোন সুত্রের পক্ষ থেকে কেউ নিশ্চিত করতে পারেনি। তবে গোলাগুলির কথা স্বীকার করলেও নিহতের বিষয়ে নিশ্চিত কোন তথ্য দিতে পারছে না পুলিশ।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র অংগ্য মারমা বলেন, ছোট কাট্টোলীতে ইউপিডিএফ এর কর্মীরা অবস্থান করাকালে জেএসএস’র সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে। প্রতিপক্ষের গুলিতে তাদের সহকর্মী শ্যামল চাকমা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তিনি আরো বলেন, এমন ঘটনার নিন্দা জানাই। পাশাপাশি সরকারের পাতানো ফাঁদে পা না দিতে সন্তু লারমার প্রতি আহবানও জানান। এমন হামলার মধ্য দিয়ে ভাতৃঘাতি সংঘাতকে আরো উসকে দিচ্ছে যোগ করেন এ নেতা।
কাট্টলী এলাকার ইউপি সদস্য সাধন কুমার চাকমা চাকমা বলেন, ছোট কাট্টোলী মোন এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে নিহতের বিষয়টি এখনও জানিনা। শুনেছি ইউপিডিএফ’র একজন নিহত হয়েছে।প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস)’র কারোর কাছ থেকে এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
লংগদু উপজেলার ছোট কাট্টলী এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম ঘটনাস্থলে গেছে। তারা গোলাগুলি আলামত পেলেও হতাহতের কোন আলামত বা চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সানজিদ আহমেদ বলেন, উপজেলার ছোট কাট্টলীর বন্দুকভাঙ্গা ত্রিপুরা ছড়া এলাকায় পিসিজেএসএস’র সাথে ইউপিডিএফ’র মধ্যে গোলাগুলির এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে, এমন তথ্য জানা নেই।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে গোলাগুলির বিষয়ে জানতে চাইলে রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বলেন, গোলাগুলির খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেছে। হতাহতের ঘটনার সত্যতা নেই। যদি কেউ নিহত হয়ে থাকে, তাহলে লাশ বা রক্ত কোথায়? সঠিক প্রমাণ ছাড়া গুজব ছড়ানো ঠিক না।
Design and developed by ওয়েব হোম বিডি