সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি মামলায় জড়িত ও সক্রিয় ডাকাত দল পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের মূলহোতাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম।
এতে বলা হয়- গত ২৭ জানুয়ারি রাত ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন চাপরতলা ইউনিয়নের চাপরতলা-খান্দুরা সড়কের বড়ইউড়ি গ্রামের পাশে ওরস থেকে ফেরার পথে অজ্ঞাতনামা ১০/১২ জনের একটি ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্র-শস্ত্রসহ রাস্তার উপর চলন্ত গাড়ীর (সিএনজি চালিত অটোরিক্সা) গতিরোধ করে যাত্রী ও চালকদের চোখ বেঁধে তাদের মূল্যবান জিনিসপত্রসহ মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ডাকাতদের কাজে বাধা দেওয়ায় সিএনজি চালকসহ অর্ধশত যাত্রীদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরদিন ২৮ জানুয়ারি সিএনজি চালক বাদী হয়ে নাসিরনগর থানায় অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার নং-০৬, তারিখ-২৮/০১/২০২৩ ইং, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
মামলা দায়ের পরপরই র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় লুন্ঠিত মোবাইলের সূত্র ধরে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র্যাব-৯ জানতে পারে উল্লেখিত ডাকাত দল সংঘবদ্ধ হয়ে সোমবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে পুনরায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদ পেয়ে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প’র একটি আভিযানিক দল রাত আড়াইটার দিকে নাসিরনগর থানাধীন ৭নং ফান্দাউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আতুকুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরও ৪/৫ জন পালিয়ে যায়।
এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও অস্ত্র জব্দ করে র্যাব। এরমধে লুণ্ঠিত ৫টি বাটন ও ৩টি স্মার্ট মোবাইল ফোন এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্র
ডাকাতি কাজে ব্যবহৃত রামদা, লোহার রড, লোহার তৈরী হাসুয়া, ছোরা, লোহার হাতুড়ি, ধারালো চাপাতি, লোহার তৈরী বল্লম, বাশের লাঠি, রশি ও প্লাস।
গ্রেপ্তারকৃতরা- চুনারুঘাট থানাধীন উরালকুল গ্রামের মো: আব্দুর রউফের ছেলে ডাকাত দলের মূলহোতা মো: আবুল কালাম (২৬), লাখাই থানাধীন মুরিআগ (পশ্চিম পাড়া) গ্রামের রুহুল আমীনের ছেলে মো: জসীম মিয়া (২৪), বামৈ কাটিয়ারা গ্রামের মো: রতন মিয়ার ছেলে মো: রিপন মিয়া (২১), বামৈ পশ্চিম গ্রামের মো: ফিরোজ মিয়ার ছেলে মো: লাভলু মিয়া (২৩), একই গ্রামের মৃত হাজী মলয় মিয়ার ছেলে মাহমুদুল হাসান জুয়েল (৩৫) ও নিবারন সরকারের ছেলে সবুজ সরকার (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাতদের গত ২৭ জানুয়ারি নাসিরনগর থানার বড়ইউড়ির ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এছাড়া, উক্ত ঘটনাস্থলে তারা ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কর্মকর্তা।
উল্লেখ্য, ডাকাত দলের মূলহোতা মোঃ আবুল কালাম (২৬) দীর্ঘদিন থেকে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদেরকে প্রলোভন দেখিয়ে ডাকাতি সংগঠনের উদ্দেশ্যে একত্রিত করতো। এছাড়াও তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ থানায় একাধিক (৫/৬টি) মামলা রয়েছে। বিশেষ করে শীতকালীন সময়ে বিভিন্ন মেলা, ওয়াজ-মাহফিল এবং ওরস ইত্যাদি অনুষ্ঠানকে কেন্দ্র করে আবুল কালাম তার পরিকল্পনা মোতাবেক প্রতিটি ডাকাতি সু-পরিকল্পিত ভাবে সংগঠিত করতো।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি