সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
দীর্ঘদিন সিকিউরিটি গার্ডের চাকরির সুবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ করেন আব্দুল কুদ্দুস ওরফে ডলার নাহিদ। নিজেকে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে দেশের বিভিন্ন স্থানে অভিযানের নামে বাড়ি তল্লাশি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করতেন তিনি।
বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে অনেক ক্ষেত্রে কৌশলে প্রশাসনের সহায়তাও নিতেন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মিরপুর থেকে নাহিদকে গ্রেপ্তার করে র্যাব-৪। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়পত্র এবং প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ছবি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। তিনি বলেন, ২৫ জানুয়ারি সুনামগঞ্জ সদরের নারায়ণতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মোকসেদ আলীর বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে তল্লাশি, শ্লীলতাহানি ও লুটের চেষ্টা করা হয়।
ওই ঘটনায় ১৪ ফেব্রুয়ারি ভুক্তভোগী বাদী হয়ে সুনামগঞ্জ মডেল থানায় মামলা করেন। সংশ্লিষ্ট থানা আসামিদের গ্রেপ্তারে র্যাবের সহায়তা চাইলে র্যাব ১৬ ফেব্রুয়ারি আসামি বিজন রায়কে মিরপুর মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করে। বিজনের মাধ্যমে র্যাব জানতে পারে, এসবের মূল পরিকল্পনাকারী ডলার নাহিদ। র্যাব বিজনের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ডলার নাহিদকে গ্রেপ্তার করে।
কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, ডলার নাহিদ এসএসসি পাস না করলেও নিজেকে ১৯৯৬ সালের এসএসসি ব্যাচ দাবি করতেন। বিভিন্ন কৌশলে এই ব্যাচের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে যুক্ত হয়ে নিজেকে গোয়েন্দা শাখা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন সময় প্রতারণা করেছেন।
র্যাব জানায়, চার-পাঁচ মাস আগে একটি গ্রুপের মাধ্যমে ডলার নাহিদের সঙ্গে সুনামগঞ্জের বিজনের পরিচয় হয়। বিজনের সঙ্গে সুনামগঞ্জের আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুসম্পর্ক ছিল। ডলার নাহিদ বিজনের সঙ্গে সুনামগঞ্জে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছে নিজেকে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান, তিনি মাদকের একটি চালানের বিরুদ্ধে অভিযান করতে এসেছেন এবং অভিযানের জন্য সহায়তা দরকার।
২৫ জানুয়ারি রাতে ডলার নাহিদ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাস্থলে যেতে বলেন। নিজেকে গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে তারা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোকসেদ আলীর বাড়িসহ আশেপাশের বাড়িতে তল্লাশি করেন। এ সময় বাড়িতে থাকা লোকজনের শ্লীলতাহানিও করা হয়। তল্লাশি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনা জানাজানি হলে তারা অভিযান শেষ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। ওই সময় নাহিদ নিজেকে গোয়েন্দা শাখার উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে কৌশলে পালিয়ে যান।
(সুরমামেইল/ডি-এমএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি