সিলেট ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে নির্মলেন্দু দাশ সিলেট নগরীর রিকাবী বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুন্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ গণ অধিকার পরিষদের আহবায়ক আবুল হোসেন জীবনের নেতৃত্বে কয়েকজন আওয়ামী লীগের নেতাদের নিয়ে গোপন বৈঠক করার জন্য নগরীর ফাতেমা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু দাশ রানা ও কয়েকজন আওয়ামী লীগের নেতা।
সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে খেতে গেলে সেখান থেকে বের করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
নির্মলেন্দু দাশ রানা (৪৫) নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ২৬ নেতার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মামলা করেন জামায়াতের সদর ইউনিয়নের সভাপতি শাহ মো. আলাউদ্দিন। এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় আত্মগোপনে চলে যান রানা। পরবর্তী সময়ে জামায়াতের নেতা শাহ আলাউদ্দিন সঙ্গে টাকার বিনিময়ে মামলাটি আপোসের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় শাহ আলাউদ্দিনকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী। এরপর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানাকে আসামি করে আরেকটি মামলা করা হয়।
মঙ্গলবার রাত ৯টার দিকে রিকাবীবাজার এলাকায় ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান রানাসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা। এ সময় নবীগঞ্জের কয়েকজন ছাত্রনেতা রানাকে দেখে সেখান থেকে বের করে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করেছেন।
এ বিষয়ে এসএমপি কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক বলেন, জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তিনি বলেন, এছাড়া আর কোন মামলা আছে কি না খতিয়ে দেখা হবে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
বুধবার (১৪ মে) তাকে আদালতে প্রেরণ করাে হয়েছে বলে সূত্রে জানা গেছে।
(সুরমামেইল/এমএএ)
Design and developed by ওয়েব হোম বিডি