সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কৃষক আবুল মিয়া হত্যা মামলায় ১ নারীসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজা পারভিনের আদালত এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামীরা সবাই পলাতক ছিলো।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ফজলু মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া ও বশির মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ওই গ্রামের কৃষক মো. আবুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মর্তুজা মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে ২০০৮ সালের ২২ জুন সকাল সাড়ে ১১টায় হাওরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল মিয়ার উপর পূর্ব পরিকল্পিতভাবে আসামীরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বাদী হয়ে ওই দিনই থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চম্পা বেগমকে বাদ দিয়ে উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার উল্লেখিত রায় দেন।
মামলার বাদী ছাদিক মিয়া জানান, রায়ে তিনি সন্তুষ্ট। সবার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক। তিনিও এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি