সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮
সিলেট নগরীর সুবিদবাজারে শিমুল দেব (৩২) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দীঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত শিমুল সুবিদবাজারে মিয়া ফাজিলচিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
এদিকে, শিমুল খুনের ঘটনায় রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তার ভাই নন্দন দে বাদী হয়ে ফজল বকতকে প্রধান ও অজ্ঞাত আরো ৪-৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
সিলেট কোতোয়ালী থানার এস আই ফয়েজ আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার ভোরের দিকে নগরীর ফাজিলচিস্ত এলাকা থেকে ফজলকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল।
ফজলের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশররফ হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকালে ফজলকে সিলেট কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু’পক্ষের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে বলে তাদের অভিযোগ।
স্থানীয় দীঘিরপাড় সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক একেএম মাসুম সংবাদ মাধ্যমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে নৈশপ্রহরী এসে জানায় দস্তিদার দীঘির ঘাটের মধ্যে হেলান দেওয়ানো অবস্থায় একটি মরদেহ ফেলে রাখা হয়েছে। সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে কাউন্সিলর আফতাব আহমদ এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশররফ হোসেনকে বিষয়টি অবহিত করেন। এরপর তারাও ঘটনাস্থলে ছুটে আসেন।
শিমুল ও ফজল একসময় দু’জনের ঘনিষ্ঠ বন্ধু ছিলো। কিন্তু কয়েকদিন থেকে তাদের বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরে। এরই জের ধরে ফজল শিমুলকে খুন করেছে বলে দাবী করেছে নিহতের পরিবারের লোকজন।
Design and developed by ওয়েব হোম বিডি