সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মার্চ ১১, ২০১৮
বিশিষ্ট শিক্ষাবিদ ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা-মা ও মামাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার (১১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন সিলেট আদালত পুলিশের সহকারী কমিশনার অমুল্য কুমার চৌধুরী।
তিনি জানান, ফয়জুলের বাবা-মা ও মামাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম। বিচারক শুনানি শেষে ফয়জুরের মামা ফজলুর রহমান ও বাবা আতিকুর রহমানের পাঁচ দিনের এবং মা মিনারা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত বৃহস্পতিবার হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত ৩ মার্চ রাতে ফয়জুলের মামাকে টুকেরবাজারের শেখপাড়া থেকে আটক করে পুলিশ। ৪ মার্চ রাতে মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা ও মাকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
র্যাবের তত্ত্বাবধানে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল ও পরে সিলেটের জালালাবাদ সিএমএইচে চিকিৎসা দেওয়ার পর ফয়জুলকে পুলিশে সোপর্দ করে র্যাব। পরে পুলিশ তাকে ভর্তি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত ৪ মার্চ সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন।
Design and developed by ওয়েব হোম বিডি