সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭
রাজশাহীর পবা উপজেলার মাঝারদিয়াড় সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিএসএফের আটক করা সদস্যরা হলেন এসআই হরনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার।
রোববার গভীর রাতে তাদের আটক করা হয় বলে রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ সোমবার (২৫ ডিসেম্বর) সকালে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে কুয়াশার মধ্যে ভুল করে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েছিল। এরা সবাই ভারতের মুর্শিদাবাদ সীমান্তের হাড়ুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য। ইতোমধ্যে বিএসএফের ৮৪ ব্যাটালিয়ানের কমান্ডারকে বিষয়টি অবহিত করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হবে।
আটক বিএসএফ জওয়ানদের রাজশাহীর মাঝারদিয়াড় সীমান্ত ফাঁড়িতে রাখা হয়েছে বলে তিনি জানান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিএসএফ সদস্যরা মাঝারদিয়াড় সীমান্তের কাছে টহল দিচ্ছিলেন। একই সময়ে বিজিবি সদস্যরাও টহল দিচ্ছিলেন। এ সময় একদল চোরাকারবারি ভারতের ভেতরে ঢুকে পড়লে বিএসএফ সদস্যরা তাদের তাড়া করে। একপর্যায়ে তারা সীমান্তের জিরোলাইন অতিক্রম করে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। এসময় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিজিবি সদস্যরা তিন বিএসএফ সদস্যকে অস্ত্রসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এসময় বিএসএফের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়।
Design and developed by ওয়েব হোম বিডি