সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ জুমা নগরীর তেঁতুলতলা জামে মসজিদে জানাজা শেষে নূরপুর বড় কবরস্থানে এম এ গফুরকে দাফন করা হয়েছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, এম এ গফুর বেশ কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সাবেক ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন।
গত ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এম এ গফুর। ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওইদিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এম এ গফুর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ষাটের দশকে রংপুরে এসে নগরীর করণজাই রোড নিউসেনপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি