সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৩২ জন সাক্ষীর জবাবনবন্দি উপস্থাপন করে প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল আসামির সর্বোচ্চ শাস্তির প্রার্থনা জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ প্রার্থনা জানান দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
আদালত আগামীকাল বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন।
এর আগে মঙ্গলবার সকাল ১০.৫৫ মিনিটে আদালতে হাজির হন খালেদা জিয়া। প্রায় দুই ঘণ্টা রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন মোশারফ হোসেন কাজল।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি করা হয়। খালেদা ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি