সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০১৮
জনসম্মুখে মুদি ব্যবসায়ীসহ দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার (২৪ জুন) রাতে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে প্রকাশ্যে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
নিহতরা হলেন- তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আবদুল গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে মুদি ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।
হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা চলে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেবাড়িয়া বাজারের দুই দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা একদল লোক ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়।
এ সময় তারা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর এবং ইদ্রিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।
এ সময় ভয়ে বাজারের ব্যবসায়ীসহ অন্যরা ছুটোছুটি করতে থাকে এবং মুহূর্তের মধ্যে বাজারের সব দোকান পাট বন্ধ হয়ে যায়।
আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। চরমপন্থি সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
Design and developed by ওয়েব হোম বিডি