সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মাহমুদুল কবির এই তারিখ ধার্য করেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।
মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন।
আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট ওই বছরের ৯ জুলাই এ মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন।
প্রায় সাত বছর পর ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি করে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ওই বছরের ডিসেম্বরে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আমিনুল ইসলাম ওই জাবীন মঞ্জুর করেন।
এ প্রসংগে বেগম জিয়ার আইনজীবি এ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার রেডিও তেহরানকে বলেন, তৎকালিন তত্বাবধায়ক সরকারের অমলে দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আভিযুক্ত হয়েছিলেন। তিনি প্রধানমন্ত্রী হবার পর তা বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক বিবেচনায় বাতিল করা চয়। আর বেহম জিয়ার নামে মামলা চালু রেখে আরো নতুন নতুন মামলা দিয়ে আদালতের মাধ্যমে বিরোধী রাজনীতি দমনের কৌশল হিসেবে বেছে নিয়েছে সরকার।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পরিবারের নামে সৌদি আরবে সম্পত্তি আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেছেন, আমরা সারা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখেছি, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এমনকি যে প্রোপার্টির কথা বলা হয়েছে, সেই প্রোপার্টিগুলোরও কোনো অস্তিত্ব নেই।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের জানান, সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশাল শপিং মল ও সম্পদ পাওয়া গেছে। এ খবর ঢাকার সাংবাদিকরা কেন প্রকাশ করেনি তা নিয়েও প্রধানমন্ত্রী তীর্যক মন্তব্য করেন।
এ দিকে বিএনপি’র পক্ষ থেকে আগামী বুধবার ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চাল, ডাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি কর্পোরেশন, পৌরসভাগুলোতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি এবং গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করে দলটি।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি