সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টাঙ্গাইল জেলার নাগরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে নাগরপুর উপজেলার চরডাংগা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাল মিয়া (৬০) মৃত আছর উদ্দিনের ছেলে। পেশায় রিকশাচালক ছিলেন।
নিহতের ভাই ধলা মিয়া জানান, তার বড় ভাই রিকশাচালক লাল মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শুক্রবার লাল মিয়া তার চিকিৎসার খরচের জন্য গাভী বিক্রি করার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ছেলে আজাহার মিয়া পিতাকে মারপিট করে। পরে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এলে ছেলে সটকে পড়ে।
পিতা গরু বিক্রি করেছে জানতে পেরে পরদিন শনিবার সকাল ছয়টার দিকে ছেলে ক্ষিপ্ত হয়ে দাঁ নিয়ে পিতাকে খুঁজতে থাকে। এসময় পিতা লাল মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে ছিল। ছেলে দাঁ নিয়ে সেখানেই ঢুকে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে ছেলে আজাহার পলাতক আছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ছেলে আজাহার পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
Design and developed by ওয়েব হোম বিডি