সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুন ১৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি স্থাপন ও উচ্ছেদে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবকে ছাড় দেওয়া হবে না। এতে জড়িতদের কঠোর হাতে দমন করা হবে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাসে বাটালি হিলে ঝুঁকিপূর্ণ বসতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি ও বান্দরবান পরিদর্শন ও ত্রাণ সহায়তা দেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রামে পাহাড়ে উচ্ছেদ কার্যক্রমও পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, যারা ঝুঁকি থাকা সত্ত্বেও বসতি ছেড়ে যেতে চায় না, তাদেরকে প্রয়োজনে জোর করে সরিয়ে নিতে হবে। একজন জনপ্রতিনিধির প্রথম দায়িত্ব হচ্ছে ঝুঁকিপূর্ণ বসতিতে বসবাসকারী মানুষদের সরিয়ে নেয়া। আপনারা এটাকে বলেন উচ্ছেদ, কিন্তু আমি বলব উদ্ধার। উদ্ধারের জন্য প্রয়োজন হলে বলপ্রয়োগ করেও তাদেরকে নিরাপদ আশ্রয়ে আনতে হবে।
মন্ত্রী বলেন, পাহাড় ধসে যারা দুর্ঘটনার শিকার হয়েছেন তাদের বেশিরভাগই নারী ও শিশু। প্রাকৃতিক দুর্যোগ থাকবে কিন্তু দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে আমরা প্রতিকারমূলক ব্যবস্থা না নিয়ে রি-অ্যাকটিভ ভূমিকা পালন করছি। বাট আওয়ার রুল শুড বি প্রো-অ্যাকটিভ।
বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাঙামাটির পাহাড়ে প্রতিরোধমূলক দেয়াল বা রিটেইনিং ওয়াল ছিল না। যার কারণে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তাই এখনও যেসব পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস রয়েছে সেগুলো অবিলম্বে সরাতে হবে।
এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য আফসারুল আমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি