সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯
সব জল্পনা কল্পনা শেষে বহুল আলোচিত রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভবনটি ভাঙার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রাজউকের প্রতিনিধি দল। ভবনের সামনে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।
রাজউকের পরিচালক (প্রশাসন) ওয়ালিউর রহমান জানান, ভেতরের মালপত্র অপসারণে দুই ঘণ্টা সময় দেয়া হয়েছে। নির্ধারিত সময় দুপুর ১২টার পর ভবন ভাঙার কাজ শুরু হবে।
হাতিরঝিলে ভবনটি আদালত কর্তৃক চূড়ান্ত রায়ে অবৈধ ঘোষিত হয় পোশাক শিল্প মালিকদের সংগঠনের এই ভবনটি। একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ আগামী ১২ এপ্রিলের মধ্যে ভবনটি ছাড়তে সময় বেঁধে দেয় উচ্চ আদালত।
সে সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ৩ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করবেন। আর আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হাতিরঝিলের ভবনটি ছেড়ে নতুন ভবনে চলে যাব। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে।
২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট ওই ভবনটি অবৈধ হিসেবে রায় দিয়ে ভেঙে ফেলতে নির্দেশ দেয়। দুই বছর পর ২০১৩ সালের ১৯ মার্চ হাইকোটের্র পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ। শুনানি শেষে ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগ ওই আবেদন খারিজ করে দেয়। এরপর একাধিকবার সময় বাড়িয়ে সর্বশেষ ১২ এপ্রিলের মধ্যে ভবনটি স্থানান্তরের বিষয়ে মুচলেকা দেওয়া হয় বিজিএমইএ’র পক্ষ থেকে।
Design and developed by ওয়েব হোম বিডি