সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৮
চট্টগ্রামে পর্নোগ্রাফি সংরক্ষণ ও সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি, বাংলাদেশি বিভিন্ন শিল্পীদের গান কপিরাইটের দায়ে অভিযান চালিয়ে ২০ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (০২ এপ্রিল) বিকেলে পটিয়ার থানার শহীদ সবুর রোডের সবুর মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২১টি সিপিইউ, ৩ হাজার ২৫০টি পর্নো-পাইরেটেড সিডি ও ডিভিডি, ২১টি মনিটর ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাজ্জাদ হোসেন (২১), রুবেল নাথ (২৫), মো. আরিফ হোসেন (২৩), মিশু দাস (২৩), মো. বাবলু (২২), রনি মিত্র (২৩), রানা দাস (১৮), মো. নিজাম উদ্দিন (২৫), মো. পিয়াল হোসেন (২৫), মো. সাইদুল ইসলাম (২১), মনতোষ চৌধুরী (৩০), রুবেল মিত্র (৩২), মো. আরমান (২২), মো. হায়দার (২৮), মো. রাজু আহম্মদ (২০), মো. হেলাল উদ্দিন (২১), মো. মিজান (২৯), রবিন দে (২১), মো. নৈয়ম উদ্দিন (২০) ও মো. তারেকুল ইসলাম (১৮)।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পটিয়ার সবুর মার্কেটের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়েছে। এসময় কম্পিউটারে অশ্নীল অডিও ও ভিডিও গান, পর্নোছবি এবং চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট করার দায়ে ২০ জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২১টি সিপিইউ, ৩ হাজার ২৫০টি পর্নো-পাইরেটেড সিডি ও ডিভিডি, ২১টি মনিটর ও ১টি ল্যাপটপ জব্ধ করা হয়।
তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃতরা উঠতি বয়সী তরুণ, তরুণীদের কাছে এসব অশ্লীল ভিডিও বিতরণের মাধ্যমে ব্যবসা করে আসছিলো। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ ও কপিরাইট আইন অনুযায়ী গ্রেফতার হওয়া ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, শনিবার (৩১ মার্চ) বিকেলে নগরীর পাহাড়তলী থানার অলংকার শপিং কমপ্লেক্সের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে ১৯ ব্যবসায়ীকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫টি সিপিইউ, ১৫টি মনিটর ও ছয়টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি