সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২১
ভৈরব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেখ বংশের পাভেল মিয়া ও মুকবুল হোসেন।
অপরদিকে, উপজেলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের চন্ডিবের খা বাড়ির ফারুক খান নামে একজন নিহত হয়েছেন এবং শনিবার সকালে গাজীরটেক এলাকা থেকে শরীফ মিয়া নামে আরো একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারীদের হাতে এবং সংঘর্ষে চার হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের খলাপাড়ার গ্রামের শেখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শেখ বংশের পাভেল মিয়া নামে এক যুবক নিহত হন। পরে দুপুর ১২টার দিকে লুন্দিয়া গ্রামে ফের দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের টেটাঁবিদ্ধ হয়ে শেখ বংশের মুকবুল হোসেন নামে আরো এক যুবক নিহত হন। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংঘর্ষে দুইজন এবং ছিনতাইকারীদের হাতে দুইজন নিহতসহ চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি (তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিক।
Design and developed by ওয়েব হোম বিডি