সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২১
নিহত একজনের ফাইল ছবি সংগৃহীত
সুরমা মেইল ডেস্ক :
ময়মনসিংহে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরসিরতা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নয়াপাড়া গ্রামের আলী আকবরের ৩৫ বছর বয়সী ছেলে রফিকুল ইসলাম ও ৩০ বছরের শফিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, সম্প্রতি স্থানীয় মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব দেখা দেয়। শুক্রবার দুপুর ১২টার দিকে স্থানীয় একটি বাজারে মুদির দোকানে বেচাকেনা করছিলেন রফিকুল ইসলাম। এ সময় হঠাৎ প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। বিষয়টি দেখে এগিয়ে এলে রফিকুলের ভাই শফিকুলকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এরপর তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে রফিকুল মারা যান। শফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৯টার দিকে শফিকুলও মারা যান।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছিল পুলিশ। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি