সিলেট ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর আজ (মঙ্গলবার) প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছে রাষ্ট্রপতি প্রথমে হজরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ শেষে বিকেলে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় আকাশপথে তিনি ঢাকায় ফিরবেন।
এদিকে রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
তাঁর সফরকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের সম্মেলনকক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
ব্রিফিংয়ে রাষ্ট্রপতির সফর ঘিরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি নির্ধারিত সময়ে দায়িত্বস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ দেন পুলিশ কমিশনার।
দায়িত্বকালীন সময় নির্ধারিত পোশাকবিধি মেনে পরিচ্ছন্ন পোশাক পরিধান এবং সর্বোচ্চ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয়।
ব্রিফিংয়ে রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের আন্তরিকতা, সহযোগিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এসএমপি কমিশনার। একই সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ব্রিফিং প্যারেডে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) ও ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ এসএমপির অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে সোমবার বেলা ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও পৌণে ১২টা ৪৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার মাজার এলাকা এবং এর আশপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ভিভিআইপি মুভমেন্ট নির্বিঘ্ন, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি