সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮
রাজধানীর মিরপুরের রূপনগরে বাস ও লেগুনার সংঘর্ষে এক স্কুলছাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১২ জন।
মিরপুর বেড়িবাঁধ এলাকায় পানি উন্নয়ন বের্ডের দক্ষিণ পাশে আশুলিয়া সড়কের মুখে মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনার চালক হান্নান (২২), তাওহীদ (১০) ও অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি।
রূপনগর থানার এসআই মাসুম খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরা ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেছেন, মায়ের দোয়া পরিবহনের বাসটি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। আর লেগুনাটি সাভার থেকে আসছিল ঢাকার দিকে। দুই বাহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। লেগুনার চালক তার দুমড়ে যাওয়া গাড়ির মধ্যে আটকা পড়েন।
পরে চালকসহ তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠান ফায়ার সার্ভিস কর্মীরা। আহত বাকিদের স্থানীয় বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়।
ঢামেক ফাঁড়ি পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, মিরপুরে দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর তাদের মৃত্যু হয়।
এসআই মাসুম জানান, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। আহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের খবর দেয়া হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি