সিলেট ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলা শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের রুমের ভেতরে আটকা পড়া পাঁচজন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর দরজা ভেঙে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনতলা একটি ভবনের তৃতীয় তলার একটি রুম থেকে তাদের উদ্ধার করা হয়। বাসার স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ায় পাঁচছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহরের বনানীপাড়া আবাসিক এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪ জন ছাত্রী। তাদের মধ্যে ২ জন কলেজছাত্রী ও ২ জন নার্সিংয়ে ভর্তিচ্ছু। শুক্রবার রাত ৯টার দিকে ওই ছাত্রীদের রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে ওই ৪ জন ছাত্রীসহ বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েও আটকা পড়েন। কোনোভাবেই দরজাটি খুলতে পারছিলেন না ছাত্রীরা। শুক্রবার রাতভর ও আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনোভাবেই দরজা খুলতে পারেননি তারা। পরে বাসার মালিক সামছুল হক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিনতলায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন- এমন জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, সকাল ১১টার পর ফায়ার সার্ভিস থেকে ফোনে খবর পাই, শহরের বনানীপাড়ায় একটি রুমের ভেতরে পাঁচ ছাত্রী আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করতে চান। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।
ওসি আরও জানান, আটকা পড়া ছাত্রীরা ও বাসার মালিক জানিয়েছেন, শুক্রবার রাত ৯টা থেকে ওই রুমের দরজা খোলা যাচ্ছিল না। ছাত্রীরা টানা অনেক সময় ভেতরে আটকা ছিলেন। কিন্তু রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা যেত।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি