সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
কুমিল্লায় বাসে পেট্রোল নিক্ষেপ করে ৮ জনকে হত্যা অভিযোগে করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী ২ জুলাই আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এছাড়া কুমিল্লার নাশকতার আরেক মামলার শুনানি আগামীকাল সোমবার পর্যন্ত মুলতবি করেছে আদালত।
রোববার (২৪ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের দিন ধার্য করেন।
শুনানি চলাকালে বিতর্ক জড়ান অ্যাটর্নি জেনারেল ও বেগম জিয়ার আইনজীবীরা। পরে আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত ২৮ মে দুই মামলায় বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ৩০ মে আপিল বিভাগরে চেম্বার আদালত জামিন স্থগিত করে আদেশ দেন।
গ্যাটকো দুর্নীতি মামলা
এদিকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ২৬ জুলাই। রাজধানীর বকশীবাজার স্থাপিত অস্থায়ী আদালতে, ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার শুনানি শেষে এ দিন ধার্য করেন।
রোববার মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে হাজিরা দেন। মামলায় দুই আসামি তানভীর আহমেদ ও গালিব হোসেনের পক্ষে হাইকোর্টে স্থগিতাদেশ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালতে নতুন দিন ধার্য করে।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে ১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এ মামলাটি করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ১৩ মে বিএনপি জোট সরকারের প্রভাবশালী নয় মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা। চার আসামী মৃত্যু বরণ করায় এ মামলার বর্তমান আসামির সংখ্যা ২০ জন।
Design and developed by ওয়েব হোম বিডি