সিলেট ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
হবিগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দুই যাত্রীর নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়ছর এলাকায় শাহ স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নবীগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে সাইদুর রহমান (২৪) এবং বাহুবল উপজেলার ২নম্বর পুটিজুড়ি ইউনিয়নের কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে এক বছর বয়সী গিরিরাজ পাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গিরিরাজ পাল তার বাবা-মায়ের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশায় করে সিলেট যাচ্ছিল। একই অটোরিকশায় ছিলেন সাইদুর রহমান, যিনি শ্বশুরবাড়ি থেকে নিজতে বাড়ি ফিরছিলেন। পথে বড়ছর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে শিশুসহ তিনজন আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক গিরিরাজ পালকে মৃত ঘোষণা করেন। পরে আহত সাইদুর রহমানের মৃত্যুর খবর পাওয়া যায়।
নিহত সাইদুর রহমানের বিয়ের এক বছর হয়েছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি