সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ২৯, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রোববার (২৯ মে) দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে বড় দুটি ট্রান্সফরমারে আগুন জ্বলতে থাকে। তাৎক্ষণিক আগুনের কালো ধোঁয়ায় আশপাশের এলাকা ছেয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের বড় একটি ট্রান্সফরমার। আরেকটি ট্রান্সফরমার পুড়ে অকেজো হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা রবিউল বলেন, হঠাৎ করে আকাশে কালো ধোঁয়া দেখা যায়। মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। তাৎক্ষণিকভাবে কেউ বুঝতে পারেননি এটা কীসের ধোঁয়া।
মাধবপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সন্তোষ মল্লিক জানান, ছয়টি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় বিদ্যুৎ কেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।
শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের জ্যেষ্ঠ প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কেন্দ্রের তিনটি ট্রান্সফরমারের মধ্যে একটি পুরোপুরি পুড়ে গেছে। নিয়ন্ত্রণ কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কীভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি