সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০১৮
রাজধানীর খিলগাঁওয়ের ভুঁইয়াপাড়া এলাকা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৬ জুন) দুপুরে সাফওয়ান নিনাদ নামের আট বছরের শিশুটির লাশ ভুঁইয়াপাড়া কাঁচাবাজার বাইতুন নূর জামে মসজিদের পাশ থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, ‘সকালে শিশুটির পরিবার থানায় এসে একটি নিখোঁজের জিডি করে। সংশ্লিষ্ট দায়িত্বে থাকা অফিসার তাৎক্ষণিকভাবে তদন্তে নামে। শনিবার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে শিশুটির লাশ খুঁজে পাওয়া গেছে বলে খবর আসে।’
শিশুটির মামা এস এম মুন্না বলেন, ‘শুক্রবার (১৫ জুন) রাতে তারাবির নামাজের পর নিনাদ বাড়ির সামনে খেলছিল। এরপর থেকে সে নিখোঁজ ছিল। তাকে অনেক খোঁজাখুঁজি করেও আমরা পায়নি। আজ শনিবার দুপুর দেড়টার দিকে শুনি তার লাশ পাওয়া গেছে।’
শিশু নিনাদ তার মামা বাড়িতেই থাকত বলে জানান এস এম মুন্না।
শিশুটির পরিবারের প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে আগে থেকেই মামলা আছে। সেই বিরোধ থেকে শিশুটিকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছে তার পরিবার।
পুলিশ জানায়, শিশু নিনাদের মৃত্যু কী করে হয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে গলায় পলিথিন প্যাঁচানো ছিল বলে জানান পুলিশ।
দুপুর সোয়া ২টার দিকে নিনাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি