সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮
ঢাকা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার অভিযোগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান বলেন- হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
পরে তাদের রিমান্ড আবেদন জানিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
পুলিশ বলছে, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়েদে তাদের গ্রেফতার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার পরিচর্যা হাসপাতালের সামনে গয়েশ্বর চন্দ্র রায়ের প্রচারণায় হামলা চালানো হয়। এতে গয়েশ্বর নিজেই রক্তাক্ত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি