সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৯
শরীয়তপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
রোববার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ডাকাত সর্দার জাহাঙ্গীর ও রাসেল হাওলাদার। জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ অন্য মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির উজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পুলিশ সদর উপজেলার দক্ষিণ দেওভোগ এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর আকন ও সদস্য রাসেল হাওলাদার ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, এ ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি