সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
রাজধানীর চকবাজার থানার শাহী মসজিদের পাশের আবাসিক ভবনে লাগা আগুনে ১৮ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টা ৩৮ মিনিটে প্রথমে একটি পাঁচতলা ভবনে আগুন লাগে। এর পাশের আরও একটি চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ অবস্থায় ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং ২ জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৩টি ইউনিট একযোগে কাজ করছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান। এছাড়া আশেপাশের ভবনগুলো খালি করে সেখানকার বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সিদ্দীকুর রহমান জানান, ইতোমধ্যে আব্দুল মান্নান (৬০) এবং হেলাল উদ্দীন (১৮) নামে দুইজনকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা জানিয়েছেন, একটি পুরনো ভবন ধসে তারা চাপা পড়েন। সেখানেই তারা অগ্নিদগ্ধ হয়েছেন। একটি চারতলা ও একটি পাঁচতলা ভবনে আগুন জ্বলছে। এগুলোর নিচে খাবার হোটেল এবং ত্রিশটির বেশি প্লাস্টিক ও কেমিক্যালের দোকান রয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানতে পারিনি।
এদিকে আগুনে দগ্ধ এবং ভবন থেকে নামার সময় আহত অর্ধশত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে রেজাউল (২১) ও জাকির হোসেনের (৫০) অবস্থা আশঙ্কাজনক।
বাকিরা হলেন, সেলিম (৪৫), আনোয়ার (৫০), মোস্তাফিজ (৪০), জাহিদুল (২৮), ইভান (৩০), মাহমুদ (৫৭), রামিম (১২), সালাউদ্দিন (৫০), মোজাফ্ফর হোসেন (৩২), সোহাগ (২৬) সোহান (৩৫), ফজর আলী (২৫), হেলাল (২৫) ও সুজন (৪০)। এদের সবাইকে হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত অবস্থায় অন্তত ৪০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা হলেন, আল-আমিন (৩৫), কাউছার (৩০), জাহাঙ্গীর (২৩), ছালাম (৩০), রবিউল (৪০), সালাউদ্দিন (৩৪), আনিছুর রহমান (৫০), তানজিল (১৪), রমজানসহ (১২) আরও অনেকে।
Design and developed by ওয়েব হোম বিডি