সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৯
ফেরিযাত্রা প্রায় তিন ঘণ্টা আটকে রাখায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলকে দায়ী করার কোনো ‘যৌক্তিক কারণ’ পায়নি এই ঘটনা তদন্তে গঠিত সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
গত ২৫ জুলাই আবদুস সবুর মণ্ডলের জন্য কাঁঠালবাড়ি ঘাটে দীর্ঘক্ষণ আটকে থাকায় অ্যাম্বুলেন্সে থাকা ১৩ বছর বয়সী কিশোর তিতাস ঘোষের অপারেশন হয়নি। ঢাকায় পৌঁছার আগেই রাতে মাঝ নদীতে মারা যায় কিশোরটি।
তিতাস অ্যাম্বুলেন্সে থাকার পরও ফেরি ছাড়তে বিলম্বের জন্য কাঁঠালবাড়ি ফেরিঘাটের তিন কর্মকর্তাকে দায়ী করা যেতে পারে বলে তদন্ত কমিটি মনে করে। এরা হলেন- ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন, ব্যবস্থাপনা সহকারী খোকন মিয়া ও উচ্চমান সহকারী ফিরোজ আলম।
যুক্তি হিসেবে বলা হয়েছে, চিকিৎসার জন্য ঢাকা অভিমুখী এম্বুলেন্সে লাইফ সাপোর্টের রোগী থাকার ব্যাপারটি ঘাটের তিন কর্মকর্তা- সালাম, খোকন ও ফিরোজ জানতেন। এরপরও তারা অ্যাম্বুলেন্সটিকে পারাপারে কোনো ধরনের সহায়তা করেননি। এ কারণে, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাটির’ দায় তারা এড়াতে পারেন না।
অ্যাম্বুলেন্সে রোগী থাকার ব্যাপারটি যুগ্ম সচিব আব্দুস সবুর মণ্ডলকেও এরা জানাননি। এ কারণে তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ আনা যেতে পারে বলে তদন্ত কমিটি মনে করে।
তিতাসের মৃত্যুর পর তোলপার হলে তিনটি তদন্ত কমিটি হয়। একটি কমিটি করে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং দুটি তদন্ত কমিটি করে মাদারীপুর জেলা প্রশাসন। পরে একটি রিট আবেদনের প্রেক্ষিতে অতিরিক্তি সচিবের নীচে নন এমন একজনকে প্রধান করে ঘটনাটি তদন্তে কমিটি গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপর মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব রেজাউল হাসানকে প্রধান করে তদন্ত কমিটি করে সরকার। আর বৃহস্পতিবার এই কমিটির প্রধান তার প্রতিবেদন অ্যাটর্নি জেনারেলের অফিসে জমা দিয়েছেন।
প্রতিবেদন গ্রহণকারী ডেপুটি এটর্নি জেনারেল (ডিএজি) আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বলেন, অবকাশকালীন ছুটি শেষে আগামী ১৩ অক্টোব তিনি এই প্রতিবেদন আদালতে উপস্থাপন করবেন।
২৫ জুলাই রাতে যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ির অপেক্ষায় প্রায় তিন ঘণ্টা ফেরি বসে থাকায় ঘাটে আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়। এ ঘটনার চার দিন পর বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে তিতাসের মৃত্যু নিয়ে সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি