সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : ফ্রান্স থেকে আসা ৮৫ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালন চক্রের ৫ সদস্যকে রাজধানীর রামপুরা থেকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জের র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ সদস্যরা।
শনিবার (০৯ জানুয়ারি) সকালে র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম (৫০) জহিরুল হক (৪৯), মজিবুর রজমান (৩৯) দুলাল শেখ (৪৮) ও মোখলেছুর রহমান (৩৮)। এরা সবাই আন্তর্জাতিক পাচার চক্রের সদস্য।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জব্দ করা সাপের বিষ অন্য কোনো দেশে পাচার করার উদ্দেশে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা নতুনবাগ বাসা ঘ/১, ব্লক-বি, ১নং লোহার গেইট এলাকায় অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। অভিযানে তাদের সঙ্গে থাকা ব্যাগের ভিতর তল্লাশি করে কাচের জারে সংরক্ষিত অবস্থায় ১২ পাউন্ড (কাঠের বক্স এর ভিতর ৬টি কাচের জার) সাপের বিষ জব্দ করা হয়।
এছাড়াও তাদের কাছে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যনুয়াল বই জব্দ করা হয়। সাপের বিষগুলোর আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা। ফ্রান্সেই তৈরি হওয়া বিষগুলো তরল, ক্রিস্টাল ও পাউডার ধরনের ছিলো। বিষগুলো দামি ওষুধ ও মাদক দ্রব্যে ব্যবহারের উদ্দেশে সংগ্রহ করা হয়। ব্যাপক চাহিদা থাকার কারণেই এই চক্র সাপের বিষ চোরাচালান করে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেপ্তাররা। চক্রটির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে র্যাব-১২। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি