সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২১
সুরমা মেইল ডেস্ক : বগুড়ায় অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমানের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী ও প্রেমনাথের ছেলে সুমন। শহরের কাটনার পাড়া হটু মিয়া লেনের কুলি শ্রমিক সাজু মিয়া ও বাবুর্চি মোজাহার আলী। এছাড়াও ফুলবাড়ি সরকার পাড়া এলাকার আব্দুল জলিল।
স্থানীয়রা জানায়, শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করেন।
রাতে বাড়ি ফিরলে সুমন তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।
অপরদিকে শহরের কালিতলা এলাকায় রবিবারে রাতে অ্যালকোহল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।
বগুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বলেন, তিনজনই কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা যান।
বগুড়া সদর থানার ওসি হুমাযুন কবীর বলেন, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তবে মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি