সিলেট ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিদের হামলার মুখে আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
রোববার (৮ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে সাইমের ঘাট এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।
অভিযান চলাকালে ২৫-৩০ জনের চোরাকারবারি দল বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষায় বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, জব্দ করা সিগারেটের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চলছে।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি