সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৭
চট্টগ্রাম সংবাদদাতা :: চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-লেগুনার সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নিহতদের মধ্যে দুইজনের নাম নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মোস্তফা (২৮), ও মরিনা দাস (৬০)। এছাড়া নিহত অজ্ঞাত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর।
রোববার বেলা সোয়া ২টার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে মিরসরাই থানার এসআই কামাল হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ের মিরসরাই পৌর সদরের সুফিয়া রোড এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি রাস্তার পাশের খাদে পড়ে গেলে এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্স ও মিঠাছড়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি আটক করেছে পুলিশ। তবে উভয় গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি