সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টানা বর্ষণে বান্দরবানের রুমা উপজেলা সড়কে রোববার (২৩ জুলাই) পাহাড় ধসে নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি এখনও। বৃষ্টির কারণে নিখোঁজদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
স্বজনদের খোঁজে ঘটনাস্থলে ভীড় জমিয়েছেন নিখোঁজদের আত্মীয় স্বজনেরা। এদিকে অব্যাহত ভারী বর্ষণে সোমবার (২৪ জুলাই) রুমা সড়কসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে চট্টগ্রাম-বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, টানা ভারী বর্ষণে রবিবার (২৩ জুলাই) সকাল ১১টায় বান্দরবান-রুমা সড়কের দলিয়ানপাড়া এলাকায় বিধস্ত ভাঙ্গা সড়ক পায়ে হেটে পার হওয়ার সময় পাহাড় ধসে পড়ে পাহাড়ী মারমা সম্প্রদায়ের দুই বোনসহ ৫ জন নিখোঁজ হয়।
খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নেমে পড়েন উদ্ধার কাজে। দুর্ঘটার প্রায় চার ঘন্টা পর উদ্ধারকর্মীরা রবিবার বিকেলে মংশৈহ্লা কার্বারীর ছোট মেয়ে চিংমে হ্লা (১৮) এর মৃতদেহ উদ্ধার করেন। এখনও নিখোঁজ অপর ৪ জনের সন্ধান মেলেনি।
নিখোঁজরা হচ্ছেন- রুমা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস সহকারী মুন্নি বড়ুঁয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী, ডাক বিভাগের কর্মচারী মো. রবিউল, এবং পাড়া কার্বারী মংশৈহ্লা’র বড় মেয়ে উমেচিং মারমা। স্বজনদের খোঁজে বৃষ্টি উপেক্ষা করে ঘটনাস্থলে ভীড় জমিয়েছেন নিখোঁজদের আত্মীয় স্বজনেরা।
ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার ইকবাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা দ্বিতীয় দিনের মত সোমবার সকালে নিখোঁজ চারজনকে উদ্ধারের কাজ শুরু করেন। কিন্তু ভারী বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতা চরমভাবে ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে পানির সঙ্গে নামছে পাহাড় ধসের মাটি। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকর্মীরা চেষ্টা চালাচ্ছেন।
এদিকে অব্যাহত ভারী বর্ষণে সোমবারও রুমা সড়কসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে জেলা শহরের কালাঘাটা, বালাঘাটা, ইসলামপুরসহ বিভিন্ন স্থানে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, পাহাড় ধসে নিখোঁজ ৪ জনের মৃতদেহ এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অব্যাহত ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কা বাড়ছে। ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সাইক্লোন সেন্টারগুলোতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি