সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৭
শেরপুরের নকলায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক মুরগির খামারি আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। তার নাম সবুজ মিয়া (৩০)।
শুক্রবার রাতে নকলার মধ্য নকলা গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার (০৯ ডিসেম্বর) সকালে পুলিশ সবুজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সবুজের স্ত্রী নাছিমা জানান, তাঁর স্বামী মুরগির খামারের জন্য স্থানীয় শিববাড়ী বাজারের লাল মিয়া নামে এক দাদন ব্যবসায়ীর কাছে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এই দাদনের মাসিক সুদের হার ছিল ছয় হাজার টাকা। ঘটনার দিন তাঁর সুদের টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু সুদের টাকা জোগাড় করতে না পারায় সবুজের ওপর চাপ দেন দাদন ব্যবসায়ী লাল মিয়া। এর ফলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সবুজ আত্মহত্যা করেন।
এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা নকলা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বাক্কার জানান, সবুজের স্ত্রী ও আত্মীয়স্বজন অভিযোগ করেছেন সুদের টাকার জন্যই সবুজ আত্মহত্যা করেছেন। মৃত সবুজের মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি