সংকটের ৬ মাস: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলছে ষড়যন্ত্র

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৮

সংকটের ৬ মাস: রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চলছে ষড়যন্ত্র

Manual5 Ad Code

মিয়ানমার সেনাবাহিনী, বিজিপি ও বৌদ্ধ উগ্রপন্থীদের নিপীড়ন-নির্যাতন, হত্যা-লুটপাটের মুখে রোহিঙ্গারা দলে দলে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। গত ছয় মাসে প্রায় সাত লাখ রোহিঙ্গা বসতি গাড়ে ওই এলাকায়।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিযে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন। রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য তিনি বিশ্বের সব রাষ্ট্রের কাছে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির জন্য আহ্বান জানিয়েছেন। বিদেশি দাতাসংস্থার পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খাদ্য, ওষুধ, পানি সরবরাহ দিয়ে মানবতার সেবা করে আসছে। মিয়ানমার-বাংলাদেশের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া মিয়ানমারের নেপিডোতে বাংলাদেশ-মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনায় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি অনুযায়ী গত ২২ জানুয়ারি প্রথম দফায় রোহিঙ্গা প্রত্যাবাসন করার কথা থাকলেও ধূম্রজালে আটকা পড়ে তা। মিয়ানমার ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-মিয়ানমার শূন্য রেখার কোনারপাড়া এলাকায় অবস্থান করা ৬ হাজারের বেশি রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বললে কিছু কিছু রোহিঙ্গা রাতের আঁধারে ক্যাম্প ছেড়ে পালিয়ে যায়। তাদের আশঙ্কা, মিয়ানমারে প্রত্যাবাসিত হলে সেখানে তাদের বাস্তুভিটা, খেতখামার, জায়গা-জমি ফিরে পাবে না বরং রোহিঙ্গা ক্যাম্পে দিন কাটাতে হবে। এ ভয়ে উখিয়া-টেকনাফে অবস্থানরত  ১০ লাখের বেশি রোহিঙ্গা ভীতসন্ত্রস্ত।

Manual4 Ad Code

গত বছরের ২৪ আগস্ট মিয়ানমারের রাজ্য রাখাইনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৩০টি ক্যাম্পে সন্ত্রাসি হামলা হয় বলে দাবি করে সে দেশের সরকার। এতে এক সেনাসহ ডজন খানেক পুলিশ নিহত হয়। এ সময় সংঘর্ষে ২১ জন সন্ত্রাসী নিহত হয় বলে খবর প্রকাশিত হয়।

নজিরবিহীন এই নিধনযজ্ঞকে ‘জাতিগত নিধন’ আখ্যায়িত করে জাতিসংঘ। হামলার ভয়াবহতা থেকে প্রাণ বাঁচাতে গত কয়েক মাসে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় সাত লাখ  রোহিঙ্গা।

সরকার রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফেরত পাঠাতে কূটনৈতিক আলোচনাসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে চলছে। কিন্তু রোহিঙ্গাদের দুটি সংগঠন ও কয়েকটি এনজিও প্রত্যাবাসন বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের নানা অপতৎপরতায় স্থানীয় অধিবাসীদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ-উৎকণ্ঠা।

তা ছাড়া স্বার্থান্বেষী কতিপয় এনজিও এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছে। রোহিঙ্গারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সময়ে মিয়ানমারে ফেরত যাবে না বলে ক্যাম্পের অলিগলিতে বিক্ষোভ মিছিলও করেছে। তাদের একমাত্র দাবি জায়গা-জমি, ঘরবাড়ি, নাগরিক অধিকার, মৌলিক অধিকার ও তাদের চলাফেরাসহ পূর্ণ স্বাধীনতা না দিলে তারা মিয়ানমারে ফিরে যেতে রাজি নয় বলে বালুখালী ক্যাম্পের হেডমাঝি আবু তাহের জানান।

Manual8 Ad Code

রোহিঙ্গাদের সংকট বিশ্বের এক মানবিক সমস্যা। রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ এ সমস্যাটি বাংলাদেশের জন্য বড় ধরনের বোঝা। অতীতেও দেখা গেছে, মিয়ানমারের সরকারি বাহিনী রোহিঙ্গাদের মাতৃভূমি থেকে বিতাড়ন করে বাংলাদেশে ঠেলে দিতে বারবার চেষ্টা চালিয়েছে। দেশ স্বাধীনের পর অন্তত পাঁচবার রোহিঙ্গারা এদেশে অনুপ্রবেশ করেছে। তবে অতীতের চেয়ে এবার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সংখ্যা বহুগুণ বেশি।

Manual6 Ad Code

এদিকে যার কারণে অভ্যন্তরীণ নিরাপত্তা, উগ্রবাদ, সীমান্ত নিরাপত্তা নিয়ে নানাবিধ সমস্যা নিরসনের লক্ষ্যে পুলিশ, বিজিবি, কোস্টগার্ডসহ আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন রোহিঙ্গাদের ওপর নজর রাখছে। তবুও গত ১ মাসে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন শিবিরে উগ্রপন্থী রোহিঙ্গাদের কারণে চারজন খুন হয়েছে এবং র‌্যাব-৭ কক্সবাজার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

টেকনাফ ও উখিয়ায় আশ্রিত নতুন ও পুরনো মিলে ১০ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে, মিয়ানমারে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আল-ইয়াকিন (আরসা), আরএসও এবং একাধিক এনজিও প্রতিনিধি নিজ নিজ অবস্থান থেকে রোহিঙ্গা সমস্যা জিইয়ে রাখার ষড়যন্ত্রে লিপ্ত।

লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়ে মিয়ানমার সেনাবাহিনী যেমন উল্লসিত, তেমনি রাখাইনে ঘটনা সৃষ্টিকারী রোহিঙ্গাদের বিদ্রোহী জঙ্গি সংগঠন আরসার সন্ত্রাসীরাও একেবারে চুপচাপ। পর্দার আড়ালে চলে গেছে আরসার ক্যাডাররা। এ জন্য রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বিতাড়নে মিয়ানমার সেনাবাহিনী ও আরসার মধ্যে গোপন আঁতাত থাকতে পারে বলে মত প্রকাশ করেছেন তারা।

আন্তর্জাতিক চাপের মুখে না পড়ার লক্ষ্যে আল-ইয়াকিনকে (আরসা) হাতে নেয় মিয়ানমার। তাদের সেই উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করছে বিভিন্ন মহল। তাই রাখাইন থেকে ঠেলে দেয়া লাখ লাখ রোহিঙ্গাকে সহজে ফিরিয়ে নিতে চাইবে না মিয়ানমার। আশ্রিত রোহিঙ্গারাও এনজিও এবং আরএসওর উস্কানিতে স্বদেশে ফিরে যেতে আগ্রহী হবে না। বিশ্বের চাপে পড়ে কিছু রোহিঙ্গা ফেরত নিলেও মাঝপথে বিভিন্ন টালবাহানা শুরু করতে পারে মিয়ানমার।

বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি হলেও উখিয়া-টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনো চলছে। বিপুল পরিমাণ রোহিঙ্গা আসার কারণে রোহিঙ্গাদের সেবার নামে কর্মতৎপরতা শুরু করে শতাধিক এনজিও সংস্থা। তারা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় না রেখে রোহিঙ্গা শিবিরে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে চিহ্নিত কিছু এনজিও রোহিঙ্গাদের নামে বিদেশি ফান্ড এনে ইচ্ছেমতো খরচ করছে বলেও অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code