সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল মারা গেছেন। রোববার (১৯ নভেম্বর) সকালে কলকাতায় নিজের বাড়িতে তার মৃত্যু হয়।
ভারতীয় মিডিয়ার খবর, বেশ কিছুদিন ধরেই লিভারের ক্যান্সারে ভুগছিলেন রীতা। তার চিকিৎসাও চলছিল। সাতদিন আগে তিনি শেষ শুটিং করেন। তারপরই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে সুস্থ হয়ে বাড়িতেও চলে আসেন।
রোববার শারীরিক অবস্থার ফের অবনতি হয় তার। সকালে অসুস্থ হয়ে পড়ায় তাকে টাটা মেডিক্যাল সেন্টার অ্যান্ড ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রীতার মৃত্যুতে সমগ্র অভিনয় জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মূলত বাংলা ছবির থেকে ছোট পর্দা, অভিনয় থেকে সঞ্চালনা অথবা নৃত্য, সব ক্ষেত্রেই সমানতালে পদচারণা ছিল তার। রীতার অভিনয়ই তাঁকে খুব কম সময়েই এনে দিয়েছিল লাইমলাইটে। ঋতুপর্ণ ঘোষ থেকে অঞ্জন দত্তের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেন তিনি। অসুখ থেকে দত্ত ভার্সেস দত্ত, বহু বহু ছবিতে অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী।
সম্প্রতি কলকাতার সিরিয়াল ‘রাখিবন্ধন’র অন্যতম প্রধান চরিত্রে ছিলেন তিনি। যে কোনো চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। নাটকের মঞ্চেও তাঁর অভিনয় ছিল ঈর্ষনীয়।
Design and developed by ওয়েব হোম বিডি