সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
অনলাইন ডেস্ক :: মুসলিম না হয়ে একটি মসজিদ থেকে ভোরে ফজরের আজানে ঘুম ভাঙে ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সনু নিগমের। এতেই তিনি চটেছেন। আর নিজের টুইটার থেকে একটার পর একটা টুইট করেন তিনি। যাতে তিনি প্রশ্ন করেন মুসলিম না হলেও কেন আজানের শব্দে তার ঘুম ভাঙবে। তবে তিনি শুধু ইসলাম নয়, সব ধর্মের উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানান।
নিজের প্রথম টুইটে সনু নিগম লেখেন, ‘ঈশ্বর সবার মঙ্গল করুন! আমি তো মুসলিম নই। তবে আমাকে কেন সকাল বেলা আজান শুনে ঘুম থেকে উঠতে হবে? বাধ্যতামূলক ধর্ম পালন ভারতে কবে বন্ধ হবে?’
পরের টুইট তিনি ফের লিখেন, ‘আমি মনে করি কোনো ধর্মালয়েই বিদ্যুৎ ও মাইক ব্যবহার করা ঠিক নয়। ইসলামের মহানবী মুহাম্মদ (সা.) যখন ইসলাম আনেন, তখন কোনো বিদ্যুৎ ছিল না। তাহলে আমরা কেন এখন সেটিকে ব্যবহার করে মানুষকে বিরক্ত করব?
পরে আরেকটি টুইটে লেখেন, মন্দির, গুরুদ্বারেরও উচিত নয় ভোরবেলা আলো জ্বালিয়ে লোকের ঘুম ভাঙানো। তাহলে কেন এমন হচ্ছে? কেন?
টুইটারে লাখ লাখ মানুষ সনু নিগমকে অনুসরণ করেন। তাদের অনেকেই তার এমন বক্তব্যের জন্য সনু নিগমের তীব্র নিন্দা করেছেন। আবার অনেকে তার বক্তব্যে ভীষণ মর্মাহত হয়েছে। একজন লিখেছেন, ‘আমি আপনার ভক্ত। কিন্তু এটা খুবই বাজে হয়েছে। আরেকজনের ধর্মীয় বিশ্বাসের প্রতি আপনার শ্রদ্ধা দেখাতে হবে। এটা গণতান্ত্রিক দেশ।’
অনেকেই তার এই মতামতের পক্ষে দাঁড়িয়েছেন। আবার অনেকে কড়া সমালোচনা করেছেন। সনুর টুইটের জবাব হিসেবে প্রতিবাদকারীরা লিখেছেন, ‘আমার যদি সনু নিগমের গান শুনে ঘুম ভেঙে যায়, তাহলে কি করা উচিত?’
শুধু মুসলিমরা নয় অমুসলিমরাও তার এ ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে বিরক্ত হয়েছেন। অনেকে বলেছেন সনুর ক্ষমা চাওয়া উচিত। কেউ বলেছেন তার অন্য ধর্মের প্রতি সহিষ্ণু হওয়া উচিত।
Design and developed by ওয়েব হোম বিডি