আজ পহেলা বৈশাখ, বর্ষবরণের প্রাণের উৎসব

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

আজ পহেলা বৈশাখ, বর্ষবরণের প্রাণের উৎসব

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
পুরোনো বছরের জীর্ণতা, গ্লানি ও শোককে বিদায় জানিয়ে আজ শুরু নতুন প্রাণের উৎসব-পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। ঋতুচক্রের নবায়নের মতোই এ উৎসব বয়ে আনে আশা, পুনর্জাগরণ ও ঐক্যের বার্তা।

 

Manual7 Ad Code

নতুন বছর মানেই একটি নতুন সম্ভাবনা। নতুন বছরে, নতুন দিনের এই উদ্‌যাপনে পুরোনো বছরের ব্যর্থতার গ্লানি, অক্ষমতার আক্ষেপ কাটিয়ে নতুন উদ্যমে দেশ, জাতি, সমাজ ও ব্যক্তিজীবনের সমৃদ্ধি অর্জনের প্রেরণাও থাকবে। প্রত্যয় থাকবে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে প্রগতির পথে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাওয়ার।

 

হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা পহেলা বৈশাখ জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি বাংলাদেশি একযোগে মেতে উঠবে বাংলা বর্ষবরণের আনন্দে। অন্তরের গভীরে লালিত দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা এবং সাংস্কৃতিক আত্মপরিচয়ের এক অনন্য প্রকাশ পায় এই দিনে। প্রত্যাশা- অশুভ ও অসুন্দর দূরীভূত হোক, সত্য ও সুন্দরের জয়গান প্রতিধ্বনিত হোক সর্বত্র; বিদায়ী বছরের সব দুঃখ-বেদনা মুছে যাক।

 

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বার্তায় বাংলা নববর্ষে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

 

শহরের পাশাপাশি গ্রামবাংলাও প্রস্তুত বর্ষবরণের উচ্ছ্বাসে। নানা বয়সী নারী, পুরুষ ও শিশুরা বর্ণিল পোশাকে উদযাপন করবে দিনটি। বসবে বৈশাখী মেলা; আয়োজন থাকবে বলিখেলা, লাঠিখেলা ও হা-ডু-ডুর মতো ঐতিহ্যবাহী খেলাধুলার।

 

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমিসহ বিভিন্ন অঙ্গসংগঠন সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করবে। এদিকে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিও পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

নববর্ষের এই প্রভাতে, ইতিহাসের ধারাবাহিকতায় আবারও উচ্চারিত হবে বাঙালির চিরন্তন আহ্বান- নতুনের জয়, মানবতার জয়।

Manual1 Ad Code

 

সিলেটে নানা আয়োজন
সিলেটে নানা আয়োজনে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে। মঙ্গলবার বছরের প্রথম দিনে প্রাণের উৎসবে মাতবে সিলেটও।

বর্ণাঢ্য আয়োজনে নতুন বছরকে বরণে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আর কলেজ ক্যাম্পাসেও পহেলা বৈশাখে বর্ণিল আয়োজনে বরণ করা হবে নতুন বছরকে। এসব আয়োজনের প্রস্তুতি চলছে জোরেসোরে।

 

আনন্দলোক প্রতিবছরের মতো এবারও শ্রীহট্ট সংস্কৃত কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে আনন্দলোক, সিলেট। মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয়ে এ আয়োজন চলবে বেলঅ ২ টা পর্যন্ত।

 

শ্রুতি বর্ষবরণে এবারও দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট।

 

ব্লু বার্ড স্কুল মাঠে মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শ্রুতির বর্ষবরণ অনুষ্ঠান।

 

চারণ: নগরের চৌহাট্টা এলাকার লোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে চারণ, সিলেট। সকাল ৯টায় শুরু হয়ে এ উৎসব শেস হবে বিলে ৫টায়।

 

সিলেট আর্টস কলেজ: সিলেট আর্টস কলেজ, সিলেট আর্ট অটিস্টিক স্কুল ও সিলেট আর্ট স্কুলের যৌথ উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর কুমারপাড়ায় সিলেট আর্টস কলেজ ক্যাম্পাস থেকে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে এ অনুষ্ঠান। এরপর বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাথে থাকছে বৈশাখী চিত্র প্রদর্শনীও।

 

শাবিপ্রবি: প্রতিবছরেরর মতো এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এমসি কলেজে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে ঢল নামবে তারুণ্যের।

 

Manual5 Ad Code

এদিকে, বর্ষবরণ উপলক্ষ্যে সকাল ৮টায় বৈশাখী শোভাযাত্রা বেকর করবে সিলেট সিটি করপোরেশন। আর চাঁদনীঘাট এলাকায় বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।

 

Manual4 Ad Code

অপরদিকে, সোমবার বছরের শেষ দিনে নগরীর চাঁদনী ঘাটের সিঁড়িতে বর্ষবিদায় অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ, সিলেট। বেলা ৩ টায় শুরু হয়ে এ অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code