সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৯
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের জনসভায় গ্রেনেড হামলা আওয়ামী লীগেরই পরিকল্পনা বলে জনমনে প্রশ্ন আছে বলে জেনেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এই ঘটনা নিয়ে ‘বস্তুনিষ্ঠ’ তদন্তও চেয়েছেন তিনি।
রক্তাক্ত এই হামলার ১৫ বছর পূর্তির দিন ক্ষমতাসীন দল যখন নানা কর্মসূচিতে নিহতদের স্মরণ করছে, সেদিন নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব।
বিএনপি আমলে হামলা হয়েছে বলেই তাতে বিএনপির সম্পৃক্ততার প্রমাণ হয় না বলেও মনে করেন দলটির মুখপাত্র। বলেন, ‘যে কোনো সরকারের আমলেই নানা ষড়যন্ত্র হয়।’
‘আওয়ামী লীগের আমলে পিলখানা হত্যাকাণ্ড হয়েছে না? তাহলে সেজন্য কি আওয়ামী লীগ দায়ী? নাইন ইলেভেনের যে ঘটনা ঘটলো সেখানে তো কেউ বলেনি যে যারা সরকারে ছিল তাদের কারণে হয়েছে। বিশ্বব্যাপী কত ধরনের হানাহানি, সন্ত্রাস-জঙ্গিবাদের উত্থান হয়েছে। এখন কোথা থেকে কী হয়েছে সেটা বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে বের করতে হবে।’
২১ আগস্ট হামলার তদন্ত নিয়ে বিএনপি শাসনামলে যা হয়েছে, তা পরে হাস্যরসের জন্ম দিয়েছে। বিশেষ করে ‘জজ মিয়া উপাখ্যান’ এখন তদন্তে হস্তক্ষেপের উদাহরণ হয়ে গেছে।
তবে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা আওয়ামী লীগেরই ‘নীলনকশা’ কি না, এ নিয়ে জনমনে প্রশ্নও জেনেছেন রিজভী। আসামিদেরকে নির্যাত করে তারেক রহমানের নাম জড়ানো হয়েছে বলেও অভিযোগ তার।
‘মনে হয়েছে এই ঘটনাটা টার্গেট করে নিয়ে যেতে হবে তারেক রহমানের দিকে। তাকে উদ্দেশ্যমূলক ফাঁসানোর জন্য তারা ক্ষমতায় এসে জোর করে আসামিদের পিটিয়ে হাতের নখ তুলে স্বীকারোক্তি আদায় করেছে। তারপরও কিন্তু তারা ম্যাজিস্টেটের কাছে বলেছে যে জোর করে টর্চার করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। এরপর তো আর কোনো কথা থাকতে পারে না। এই বিভাজন, বিভেদ সন্ত্রাসের রাজনীতি তারাই সৃষ্টি করেছে। তাতে তো মনে হয় এ ঘটনা তাদেরই পরিকল্পিত ছিল কিনা সেটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’
এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘সবকিছু তাদের (আওয়ামী লীগ) হাতের মুঠোয়। তারা যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু প্রকৃত সত্য ঘটনা সবাই জানে। এটা গভীর নীলনকশার অংশ। এই নীলনকশার সঙ্গে ক্ষমতাসীনরা জড়িত কিনা সেটাই আজ সন্দেহ দেখা দিয়েছে।’
শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যা চেষ্টার এই ঘটনার সময় ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত জোট। হামলার পর পুলিশ নেতা-কর্মীদের পাশে না দাঁড়িয়ে উল্টো লাঠিপেটা করে হামলাকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ আছে।
আবার তদন্তের নামে প্রধান অভিযুক্তদের বাঁচিয়ে নিরীহ জজ মিয়াকে ফাঁসানোর চেষ্টা ফাঁস হয় তত্ত্বাবধায়ক সরকারের আমলে। পরে অধিকতর তদন্তে আসামি হন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিণ্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন আসামি হন।
আওয়ামী লীগ শাসনামলে আরেক দফা অধিকতর তদন্তে আসামি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, দলটির সে সময়ের সংসদ সদ্য শাহ কাজী মোফাজ্জল হাসান কায়কোবাদসহ মোট ৫২ জন।
হামলার ১৪ বছর পর গত ১০ অক্টোবর দেওয়া রায়ে তারেক রহমান, কায়কোবাদসহ ১৮ জনের যাবজ্জীবন, বাবর, পিণ্টুসহ ১৯ জনের ফাঁসির আদেশ এসেছে। আরো ১১ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বিচার চলাকালে জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান জবানবন্দিতে জানান, এই হামলার পরিকল্পনা হয়েছে জোট সরকারের আমলে প্রভাবশালী হয়ে উঠা হাওয়া ভবনে। একাধিকবার বৈঠক হয়েছে তারেক রহমানের সঙ্গে এবং তিনি সাহায্য সহযোগিতার আশ্বাসও দেন।
তবে রিজভী বলেন, ‘অপরাধ করলে তারেক রহমান দেশ থেকে সরে যেতেন। কিন্তু তিনি তো দেশ থেকে কোথাও যাননি। খালেদা জিয়া শেষদিন পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার যে সংগ্রাম এ সংগ্রাম হচ্ছে গণতন্ত্রকে ফিরিয়ে আনার সংগ্রাম। এটা সম্পূর্ণ চক্রান্তের নীল নকশা মাস্টারপ্ল্যান করেছে তারা, যারা ক্ষমতাসীন।’
Design and developed by ওয়েব হোম বিডি