সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন জাতীয় শ্রমিক লীগের এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) এবং বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোতোয়ালি থানা এলাকার কাজলশাহ ও জিন্দাবাজার এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট নগরীর কাজলশাহ এলাকার বাসিন্দা ও শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু (৬২) এবং শাহপরান থানার বাহুবল গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী নাঈম আহমেদ (২৫)।
এরমধ্যে শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম ফেনু কিছুদিন ধরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন।

জানা গেছে, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ দল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এই অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের ওই নেতা এবং ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম কর্মকর্তা ও উপকমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে তাদের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি