সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে আসছেন আগামীকাল মঙ্গলবার মঙ্গলবার (৩০ জানুয়ারি)।
জনসভাকে ঘিরে পুরো নগরীতে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। ছোট-বড় তোরণ আর ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে জনসভাস্থল আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশের এলাকাসহ পুরো নগরী।
জনসভার মাঠকে জনসমুদ্রে পরিণত করতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতাকর্মীরা বিরামহীন মিছিল-মিটিংসহ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিভাগীয় শহরটিতে চলছে তাদের জোর প্রচারণা।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, শেখ হাসিনার সফরকে ঘিরে পুরো প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। সিলেটের জনসভায় নৌকায় ভোট চাওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেবেন তিনি। এমনকি অতীতের মতো সিলেটের সব আসন আওয়ামী লীগকে উপহার দেওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানাবেন বঙ্গবন্ধুকন্যা।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) ও সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সার্কিট হাউজে অবস্থান করবেন তিনি। দুপুর ১টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেখা যাবে তাকে। তার বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) গত কয়েকদিন ধরে এসব স্থান পরিদর্শন করেছে।

মাজার জিয়ারত ও জনসভার মধ্য দিয়ে সিলেট থেকেই শুরু হয়ে থাকে সব দলের নির্বাচনী প্রচারণা। সরকার গঠনের বিষয়টি মাথায় রেখে সার্বিক দিক বিবেচনা করে এ আসনে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় একাদশ সংসদ নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে এবারও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সিলেট থেকেই প্রচারণা শুরু করছে।
প্রধানন্ত্রী শেখ হাসিনা বরাবরই পূণ্যভূমি সিলেট থেকে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণার কাজ শুরু করেন, এমনটাই জানালেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সিলেটের জনসভার মূল উদ্দেশ্য নির্বাচনকেন্দ্রিক বলেও জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি